কোরআন মুমিনের জন্য আধ্যাত্মিক আরোগ্যের নির্ভরযোগ্য পথ!

Zero Medic 16 Jan 2026
কোরআন মুমিনের জন্য আধ্যাত্মিক আরোগ্যের নির্ভরযোগ্য পথ!

ইসলামের দৃষ্টিতে কোরআন কেবল তিলাওয়াতের জন্য অবতীর্ণ কোনো গ্রন্থ নয়; বরং এটি মানবজাতির জন্য ‘শিফা’ আরোগ্যের উৎস।

মানুষের জীবন কেবল শারীরিক সুস্থতা বা অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবনের পথে পথে মানুষ মানসিক অস্থিরতা, অজানা ভয়, দুঃখ, হতাশা কিংবা আত্মিক দুর্বলতার মুখোমুখি হয়।

ইসলাম এসব সংকট থেকে উত্তরণের জন্য কেবল ওষুধ নির্ভর চিকিৎসার কথা বলেনি; বরং মানুষের আত্মা ও বিশ্বাসকে শক্তিশালী করার এক ঐশ্বরিক ব্যবস্থা প্রদান করেছে। এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো রুক্‌ইয়া। ইসলামের দৃষ্টিতে কোরআন কেবল তিলাওয়াতের জন্য অবতীর্ণ কোনো গ্রন্থ নয়; বরং এটি মানবজাতির জন্য ‘শিফা’ আরোগ্যের উৎস।

আল্লাহ তাআলা নিজেই কোরআনকে রোগমুক্তির মাধ্যম হিসেবে ঘোষণা করেছেন। “আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত।” —(সুরা ইসরা: ৮২)

রুক্‌ইয়া কী?
ভাষাগতভাবে ‘রুক্‌ইয়া’ শব্দের অর্থ ঝাড়ফুঁক বা আশ্রয় প্রার্থনা।পরিভাষায়, কোরআনের আয়াত, আল্লাহর নাম ও রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা দেওয়া দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রোগমুক্তি ও সুরক্ষা প্রার্থনাকেই রুক্‌ইয়া বলা হয়।

ইসলামি চিন্তাবিদদের মতে, রুক্‌ইয়া কোনো অলৌকিক জাদুবিদ্যা নয়; বরং এটি একটি ইবাদত, যেখানে বান্দা স্বীকার করে—আরোগ্যদাতা একমাত্র আল্লাহ।

ইমাম ইবনুল আসির (রহ.) বলেন, রুক্‌ইয়া হলো এমন এক আশ্রয়, যার মাধ্যমে অসুস্থ ও বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহর নিরাপত্তা কামনা করে।

কোরআনের মাধ্যমে আরোগ্য: কোন সুরা ও আয়াতগুলো গুরুত্বপূর্ণ?

কোরআনের প্রতিটি আয়াত বরকতময় হলেও হাদিসে কিছু নির্দিষ্ট সুরা ও আয়াতের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে, যা রুক্‌ইয়ার ক্ষেত্রে বেশি পাঠ করা হয়।

১. সুরা ফাতিহা ও তিন কুল
সুরা ফাতিহাকে বলা হয় ‘সুরাতুশ শিফা’—আরোগ্যের সুরা। এ ছাড়া
সুরা ইখলাস, সুরা ফালাক,সুরা নাস এসব সুরা বদনজর, শয়তানের কুমন্ত্রণা ও আধ্যাত্মিক ক্ষতি থেকে সুরক্ষায় অত্যন্ত কার্যকর।

হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) অসুস্থ হলে এই সুরাগুলো পড়ে নিজের ওপর ফুঁ দিতেন। অসুস্থতা বেড়ে গেলে তিনি নিজে পড়ে নবীজির শরীরে হাত বুলিয়ে দিতেন।

রুক্‌ইয়া কোনো বিকল্প চিকিৎসা নয়; বরং এটি বিশ্বাস, তাওয়াক্কুল ও আত্মশুদ্ধির পথ। কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক মানুষকে কেবল আধ্যাত্মিকভাবে নয়—মানসিকভাবেও দৃঢ় করে তোলে।

ইসলাম আমাদের শিক্ষা দেয়—চিকিৎসা গ্রহণ করো, কিন্তু অন্তরকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখো। কারণ প্রকৃত আরোগ্য তাঁর কাছ থেকেই আসে।